লামায় নারী সমাবেশ অনুষ্ঠিত
বেলাল আহমদ,বান্দরবান প্রতিনিধি -বান্দরবানের লামায় “তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতা মূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় রূপসী পাড়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে তথ্য অফিস, লামার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন এবং সভাপতিত্ব করেন সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেল। বিশেষ অতিথি হিসেবে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় ডেঙ্গু প্রতিরোধ, মানবপাচার, মাদক, গুজব, অপরাজনীতি, সাম্প্রদায়িকতা, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের যৌথ দায়িত্ব পালনের উপরও গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে সহকারী তথ্য অফিসার সরকারি বিভিন্ন সেবা, টাইফয়েড ভ্যাকসিন, নতুন কুঁড়ি-২০২৫ এর সময় বৃদ্ধি, জন্মনিবন্ধন, তথ্য অধিকার ও সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক ব্যবহার বিষয়ে আলোকপাত করেন।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































